ভোলা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হামিদ পারভেজ

নিরপেক্ষ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হামিদ উল্লাহ(পারভেজ)।
মঙ্গলবার(১৩ জানুয়ারি’২৬)ভোলা জেলা প্রশাসকে কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)এর নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটি এই ফলাফল ঘোষণা করেন। প্রতিযোগিতাটি সার্বিক পরিচালনা করেন ভোলা জেলা শিক্ষা অফিস।
এ বছর সেরা শিক্ষক প্রতিযোগিতায় প্রথমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ভোলা সদর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন মেধাবী শিক্ষক হামিদ। পরবর্তীতে জেলার ৭ উপজেলার ৭ জন সেরা শিক্ষকদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিজের মেধা ও কার্যক্রমের মাধ্যমে বাকী ৬ জনকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন সদালাপি হামিদ পাভেজ।
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা),২ জন সরকারি কলেজের অধ্যক্ষ,২ সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার।
বিচারকগণ প্রথমে সকল প্রতিযোগির মৌখিক পরীক্ষা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে চূড়ান্তভাবে হামিদ উল্লাহকে নির্বাচিত করেন।
উল্লেখ্য তরুন শিক্ষক হামিদ উল্লাহ ৩৪ তম বিসিএস নন ক্যাডার থেকে ২০১৭ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন।
নিজের শ্রেষ্ঠত্বের বিষয়ে ভোলা পৌরসভার বাসিন্দা হামিদ বলেন,”আমি সর্বদাই আমার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করি। অর্থাৎ তাদের মনের ডাক্তার হওয়ার চেষ্টা করেছি। এছাড়া বিদ্যালয় কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব সবসময় নিষ্ঠার সাথে পালন করারও চেষ্টা করেছি। তাই এই অর্জন আমাকে আমার সেসব কাজে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিবে”।

