ভোলায় আগ্নেয়াস্ত্রসহ তোফায়েল আহমেদকে আটক করে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার
ভোলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড সক্রিয় ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ডের মাস্টার কলোনীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।
অভিযান সম্পর্কে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, “বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন,ভোলার একটি টিম ও বাংলাদেশ পুলিশ, ভোলার একটি টিম বৃহস্পতিবার(৯ জানুয়ারি’২৫) ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ডে অবস্থিত মাস্টার কলোনীতে একটি যৌথ অভিযান চালায়।
রাত ১.০০ টা থেকে ভোর ৪.০০ টা পর্যন্ত চলা অভিযানে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ৪ টি হাত বোমা ও ১ টি পাসপোর্টসহ কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমেদ ফরাজী(৫০)কে আটক করা হয়। আটকৃত সন্ত্রাসী তোফায়েল শ্যামপুর গ্রামের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, আটককৃত কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল এর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজির চর এলাকায় জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়”।
উল্লেখ্য কোস্টগার্ড কর্তৃক আটককৃত তোফায়েল আহমেদ ফরাজী ভোলা সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে অবস্থিত শান্তির হাট ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি করেন বলে জানা যায়।
