ভোলায় নারীসহ ৬ মাদক কারবারীকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক করে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। তারই অংশ হিসেবে রবিবার(১৯ জানুয়ারী’২৫) ভোলা সদর উপজেলাধীন বিভিন্ন স্থানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।

অভিযান সম্পর্কে রবিবার(১৯ জানুয়ারি) বিকাল প্রায় পৌনে ৩ টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড অফিসার ক্যাপ্টেন রিফাত আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মুন্সির চর, ঘুইংগারহাট, উকিল পাড়া ও মুসলিম পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ভোলা ইউনিট।
রবিবার রাত ১.০০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা অভিযানে ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চাইনিজ কুড়াল,১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হকস্ট্রিক, ১টি খুর, ২টি দেশীয় অস্ত্র,১৬৬ বোতল ফেনসিডিল, ৫ বোতল গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ৪ লাখ ৬২ হাজার ৬০ টাকাসহ ৬ জন মাদক কারবারীকে আটক করে কোস্টগার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
তিনি বলেন, ১ জন নারীসহ আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল(৪৪),পাভেল বিশ্বাস(৪৮),গৌতম বনিক(৪৫),মোঃ লিটন(৫২),মোঃ মাহবুব(৩০) ও পারুল বেগম(৪০)সহ সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা। কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং ভোলা জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।
