ভোলা’র মনপুরায় ১৩০ মন পাঙ্গাসের পোনাসহ ২৬টি অবৈধ চাই জ

এ.সি.ডি.অর্জুন
দেশের নদীগুলোতে উৎপাদিত মোট পাঙ্গাস মাছের শতকরা প্রায় ৬০ ভাগ উৎপাদন হয় ভোলা জেলায়। আর সেই পাঙ্গাস মাছ রক্ষা করার লক্ষে অবৈধ পন্থায় পাঙ্গাসের পোনা আহরণকারীদের বিরুদ্ধে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে ভোলা জেলা মৎস্য বিভাগ। ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাঙ্গাস রক্ষার অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ।
শনিবার(২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬.০০ টা থেকে ২৬ জানুয়ারি ভোর ৬.০০ টা পর্যন্ত চলা অভিযান সম্পর্কে শুভ বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে ও তথ্যের ভিত্তিতে এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে পাঙ্গাসের পোনা অবৈধভাবে আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করি।
বিরতিহীন দীর্ঘ ১২ ঘন্টা ব্যাপী চলা অভিযানে আমরা প্রায় ৫ হাজার ২০০ কেজি(১৩০ মন) পাঙ্গাসের পোনাসহ ২৬ টি অবৈধ চাই জব্দ করতে সক্ষম হই। যার ফলে প্রায় ২শ কোটি টাকা মূল্যের পাঙ্গাস মাছ রক্ষা পায়। জব্দকৃত চাইগুলো বিনষ্ট করে পোনাগুলো জীবীত অবস্থায় নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, আইন শৃঙ্খলায় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজি তজুমদ্দিন উপজেলা ইউনিটের একটি টিম এবং সার্বিক সহযোগিতা করেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ”।
