শিরোনাম

নিষেধাজ্ঞার ১৯তম দিনে ভোলায় মেঘনা নদীতে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

 

এ.সি.ডি.অর্জুন

ভোলায় মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি অবৈধ ছোট ফাঁসের পাই জাল জব্দ করা হল মৎস্য বিভাগের অভিযানে।

বুধবার(১৯ মার্চ’২৫)পরিচালিত অভিযানে নেতৃত্বদানকারী ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,”ভোলা জেলার সদর উপজেলাধিন তুলাতলি এলাকায় অবস্থিত মেঘনা নদী,ভোলা খাল,নাসির মাঝি ঘাট,ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন চর থেকে জেলা মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে ১টি অবৈধ ছোট ফাঁসের পাইজাল ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশা থেকে দৌলতখান উপজেলার মদনপুর পর্যন্ত চলা অভিযানের সময় চরঘেরা জাল বসানোর জন্য নদীতে পুঁতে রাখা প্রায় সহস্রাধিক খুঁটি অপসারণ করে অভিযানিক টিম।

দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা অভিযানে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ,মেরিন ফিশারিজ অফিসার মোসাম্মাৎ রুমা এবং মৎস্য বিভাগের স্টাফগণ অংশগ্রহণ করেন।

ইলিশা নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল এবং খুঁটি বিধি মোতাবেক জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন,”পহেলা মার্চ’২৫ থেকে ৩০ এপ্রিল’২৫ পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে সকল ধরনের মৎস্য আহরণে সরকারের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

তিনি বলেন,”এই সময়ে কোন অসাধু জেলে যাতে অবৈধভাবে মাছ শিকার করতে না পারে সেজন্য ভোলা জেলা মৎস্য বিভাগ,বাংলাদেশ কোস্টগার্ড,জেলা প্রশাসন এবং পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে”।

ফেসবুকে লাইক দিন