ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

এ.সি.ডি.অর্জুন
“ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫। ভোলা জেলায় ক্যাম্পেইনটি সফল করার লক্ষে ভোলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভোলার সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুর দুইটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে সিভিল সার্জন বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ভোলা জেলার মোট ২ লক্ষ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯শ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৫৫ হাজার ৬৭০ জন শিশুকে লাল রংয়েে ক্যাপসুল খাওয়ানো হবে।
তাই আপনাদের স্ব স্ব গণমাধ্যমে বিষয়টি প্রচারের মাধ্যমে ভোলা জেলার প্রতিটি শিশুকে ভিটামিন এ খাওয়ানোতে সহযোগিতা করবেন বলে আশা করছি”।
তিনি বলেন, “কোন রকম গুজবে কান না দিয়ে শুধু যাচাই করে বাস্তবটা আপনারা প্রচার করলেই আমারা সকলে উপকৃত হবো এবং আপনারা সেটাই করবেন বলে আমার বিশ্বাস”।
ইউনিসেফ অফিসার সাইদুর রহমান ছিদ্দিকী এর মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের সার্বিক বিষয় উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যামুলক উত্তর প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম এবং সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।
প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রধান করেন সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু, মোঃ ওমর ফারুক,মোকাম্মেল হক মিলন ও আলামিন শাহরিয়ার সহ বেশ কয়েকজন।
এ সময় ভোলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১৫ মার্চ ২০২৫(শনিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২ হাজার ৯শ ৪৩ জন কর্মীর মাধ্যমে ভোলা জেলার মোট ১হাজার ৬শ ৮৯ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং শিশুদের মাকে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে।

