ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

এ.সি.ডি.অর্জুন
যে জাতির বিজ্ঞানে জ্ঞান বেশি সে জাতির উন্নতিও বেশি। আর সেই বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও ভোলা সদর উপজেলায় শুরু হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৫।
মঙ্গলবার(২১ জানুয়ারি’২৫) ভোলা সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। সকাল ১০ টায় ফিতা কেটে মেলার গেট উন্মোচন করার মাধ্যমে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ করেন উদ্বোধক। ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়সহ মোট ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত মেলা উদ্বোধন শেষে ১৭ টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আহসান হাফিজ ,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও আইসিটি প্রোগ্রামার মিঠুন চক্রবর্তীসহ সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য দুদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমস্থান অধিকারী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
