শিরোনাম

৪০ হাজার কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু হতে পারে, তাহলে ১০ হাজার কোটি টাকা খরচ করে ভোলা-বরিশাল সেতু কেন হবেনা  -ভোলায় সারজিস আলম

এ.সি.ডি.অর্জুন

“আজ আমি যেই ভোলায় দাড়িয়ে কথা বলছি সেই দ্বীপ জেলা ভোলার সকল ধর্ম, বর্ণ, জাতি,শ্রেনীর মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লড়াই করেছে এবং জসীম সহ ৪৭ জন মানুষ শহিদ হয়েছেন। ভোলা হলো একটি সাহসী বীরের জেলা। তাই ভোলা পিছিয়ে থাকতে পারেনা”।

কথাগুলো বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার(১০ জানুয়ারি’২৫) ভোলা শহরের পানের আড়ৎ মোরে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা সারজিস আরো বলেন, “সংগ্রামের দিক থেকে ভোলা হলো দেশের প্রথম সারির জেলা। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবেনা? যে জেলার মানুষ অসুস্থ হলে বরিশাল নিতে নিতেই মারা যায়। সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবেনা? ৪০ হাজার কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু হতে পারে তাহলে ১০ হাজার কোটি টাকা খরচ করে ভোলা-বরিশাল সংযোগ সেতু কেন হবেনা?

সারজিস বলেন আমি ভোলাবাসিকে কথা দিয়ে যাচ্ছি যে, আপনাদের যৌক্তিক দাবীগুলো সরকার পর্যন্ত পৌঁছে দিবো। আপনারা শুধু যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখবেন”।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, কেন্দ্রীয় সমন্বয়ক এম এ সাঈদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আরিফুর রহমান তুহিন, ভোলার সমন্বয়ক জাবির ও সহঃ সমন্বয়ক রাসেল মাহামুদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জন সংযোগ কাজে ভোলা সফরের প্রথম দিনেই ভোলা শহরে ঘুরে ঘুরে সাধারন জনগণের মাঝে লিপলেট বিতরণ করেন সারজিস আলম। এ সময় ভোলার সকল সমন্বয়ক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন