ভোলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

এ.সি.ডি.অর্জুন
সারাদেশের সাথে এক যোগে ভোলা জেলায় শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর তথ্য সংগ্রহ। সোমবার(২০ জানুয়ারি’২৫) থেকে ৩ ফেব্রুয়ারী’২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে বলে জানায় জেলা নির্বাচন অফিস।
১ জানুয়ারী ২০০৮ এর পূর্বে যাদের জন্ম শুধুমাত্র তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষে শুরু হওয়া তথ্য সংগ্রহের পর ৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ছবি তোলা ও নিবন্ধনের কাজ। এ বিষয়ে ১৯ জানুয়ারি’২৫ তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান কালে ভোলা সরকারি স্কুলের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণ তথ্য সংগ্রহকারী ও তাদের সুপারভাইজারদেকে হাতে কলমে তথ্য সংগ্রহ কাজের প্রশিক্ষণ দিচ্ছেন।
এ সময় জেলা নির্বাচন অফিসার জাহিদ বলেন, “আমরা বছরের শুরুতে ভোটার তালিকা হালনাগাদের কাজ করলেও এটি একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ যদি কেউ প্রাপ্ত বয়স্ক হয়েও কোন কারনে তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তবে তিনি যেকোন সময় নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবেন”। উল্লেখ্য এ বছর ভোলা জেলায় মোট ৭২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৪৯ জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।
নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভোলা সদর উপজেলায় ৫ ফেব্রুয়ারী থেকে ১০ এপ্রিল, দৌলতখানে ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল, বোরহানউদ্দিনে ৫ ফেব্রুয়ারী থেকে ১১ মার্চ, লালমোহনে ৫ ফেব্রুয়ারী থেকে ১৪ মার্চ, তজুমদ্দিনে ১৬ মার্চ থেকে ২৯ মার্চ, চরফ্যাশনে ৫ ফেব্রুয়ারী থেকে ১০ এপ্রিল ও মনপুরা উপজেলায় ৩ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে এবং নিবন্ধের পূর্বেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বলে জানায় জেলা নির্বাচন অফিসার।
