বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করল প্রশাসন

নিরপেক্ষ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২ টি অবৈধ ইটভাটায় অভিযান করে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ভাটা ২টির কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
সোমবার(১১ মে’২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জয়নুল আবেদীন ও মোঃ নুরুল আলম।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশন এবং হিসাব রক্ষক মোঃ মতিউর রহমান এর সার্বিক সহযোগীতায় পরিচালিত মোবাইল কোর্ট বোরহানউদ্দিন উপজেলাধিন হাসান নগর এলাকায় অবস্থিত মেসার্স আলম ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ৪ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে একই এলাকায় অবস্থিত মেসার্স এস এন এস ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন মোবাইল কোর্ট। এ সময় ফায়ার সার্ভিসের মেশিন দ্বারা ইটের ভাটাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে এবং পানি দিয়ে ধংস করে দেয়া হয়।
সকাল ১১ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনীর একটি দল,কোস্টগার্ডের একটি টিম,জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
ভোলা জেলার সর্বস্তরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

