চরফ্যাশনে অবৈধ কাঠকয়লা তৈরির চুল্লি ভেঙ্গে দিল প্রশাসন

নিরপেক্ষ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নে কাঠ পুড়ে কয়লা তৈরির বিরুদ্ধে অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদান করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট দক্ষিণ আইচা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরআইচা এলাকায় অবৈধভাবে কাঠ পুড়ে কয়লা তৈরির অপরাধে ৬টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ব্যবস্থা করেন।
এ সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জরিমানা করা সম্ভব হয়নি বলে নিশ্চিৎ করেছেন তোতা মিয়া। তিনি বলেন,ইতি পূর্বেও চরফ্যাশনে প্রায় ১১ টা কাঠকয়লা তৈরির চুল্লি পাওয়া গিয়েছিলো। যা আমরা ভেঙ্গে দিয়েছিলাম।
বৃহস্পতিবার(৭ মে’২৬) বেলা ১২ টা থেকে বিকাল প্রায় ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিসের একদল সদস্য এবং একদল পুলিশ সদস্য।

