শিরোনাম

ভোলায় এস.এ.পরিবহন থেকে বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করলো কোস্ট গার্ড।

 

এ.সি.ডি.অর্জুন

শনিবার(৫জুলাই’২৫) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের ভোলা জেলা অফিস থেকে জানানো হয় যে,ভোলায় এস.এ.পরিবহন থেকে বিপুল পরিমাণ অবৈধ দ্রব্যাদি জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকা থেকে ভোলায় আসা এস.এ.পরিবহন কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যান তল্লাশী করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল,৮০ কেজি অবৈধ পলিথিন,৫ হাজার ৮ শত ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬ শত শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশী সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন