ভোলা’র লালমোহনে ৮ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৩ ব্যাবসায়ীকে অর্থদন্ড

লালমোহন প্রতিনিধি#নিরপেক্ষ
ভোলা জেলার লালমোহন উপজেলাধিন লালমোহন বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার(২৮জুলাই’২৫)পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট বাজারের মহাজন পট্টিতে অবস্থিত মেসার্স মামুন স্টোরের মালিক মোঃ ইমন(২৬)কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ১৬২ কেজি পলিথিন জব্দ করেন।
একই অপরাধে পাশেই অবস্থিত মেসার্স মিজান বানিয়া স্টোরের মালিক মোঃ মিজান(৩৫)কে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ১৪৬ কেজি পলিথিন জব্দ করেন মোবাইল কোর্ট। অন্যদিকে একই সময়ে একই এলাকায় অবস্থিত মেসার্স নিখিল স্টোরের মালিক নিখিল চন্দ্রকে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তার দোকানে মজুদ থাকা ১৬ কেজি পলিথির জব্দ করেন কোর্ট।
এ সময় তোতা মিয়া বলেন,”পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো ভোলা জেলার সর্বত্র এরূপ অভিযান অব্যাহত থাকবে”।
বিকাল সারে ৩ টা থেকে চলা মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন লালমোহন থানা পুলিশ সদস্যের একটি দল।

