ভোলা’র লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছসহ ট্রলিং বোট আটক করলো কোস্ট গার্ড।

লালমোহন প্রতিনিধি/নিরপেক্ষঃ
শনিবার(৯ আগস্ট’২৫) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম উল হক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের ভোলা জেলা অফিস থেকে জানানো হয় যে,ভোলা জেলার লালমোহন উপজেলাধিন গজারিয়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছসহ ৭টি আর্টিসানাল ট্রলিংবোট আটক করেছে কোস্টগার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার লালমোহন থানাধীন গজারিয়ার খালপাড়া সংলগ্ন তেতুঁলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০৫ টি বেহুন্দী জাল এবং ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আর্টিসানাল ট্রলিং বোটসমূহের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

