ভোলার তজুমদ্দিনে ওয়ারেন্টভূক্ত পলাতক ২ আসামিকে আটক করে নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী

নিরপেক্ষঃ
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিনোধ করার অংশ হিসেবে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী।
বুধবার (২২অক্টোবর’২৫) ভোর ৫ টায় তজুমদ্দিন উপজেলার কাজিকান্দি গ্রামে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রিয়াজ(৩৫)এবং মোঃ রাশেদ(২১)কে আটক করে নৌবাহিনী,কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
নৌবাহিনীর ভোলা জেলা কন্টিনজেন্টের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায় যে,আটককৃত ব্যক্তিরা অপহরণ,মুক্তিপণ আদায়,প্রাণনাশের হুমকি এবং চুরি মামলার আসামী এবং তজুমদ্দিন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।
আটককৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী। অভিযানে তজুমদ্দিন এর কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনী।
