ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জেলা প্রশাসনের সাথে সিভিল সার্জনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
“ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫। ভোলা জেলায় ক্যাম্পেইনটি সফল করার লক্ষে ভোলার জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করে ভোলার সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান।
সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে ডিসি বলেন,”জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ভোলা জেলার মোট ২ লক্ষ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯শ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৫৫ হাজার ৬৭০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই বিশাল কর্মযজ্ঞে আমরা সকলেই শতভাগ সহযোগিতা করলেই ভোলা জেলার প্রতিটি শিশুকে ভিটামিন এ খাওয়ানোর মাধ্যমে এই জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হবে”।
ইউনিসেফ অফিসার সাইদুর রহমান ছিদ্দিকী এর মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের সার্বিক বিষয় উপস্থাপনের পর ভোলা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য স্বস্ব অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসমুলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ শরীফুল হক, ড্যাবের ভোলা জেলা কমিটির সভাপতি ডাঃ মিজানুর রহমান। পরিবার পরকল্পনা অধিতপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি এম মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি মোঃ ইকবাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ডাক্তার বৃন্দ।
বুধবার(১২ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় ভোলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১৫ মার্চ ২০২৫(শনিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২ হাজার ৯শ ৪৩ জন কর্মীর মাধ্যমে ভোলা জেলার মোট ১হাজার ৬শ ৮৯ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং শিশুদের মাকে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে।

