শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

 

এ.সি.ডি.অর্জুন

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

সোমবার(১৮ আগস্ট’২৫) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সকাল ১০টার পর শুরু হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলার জেলা প্রশাসক ও পুরো আয়োজনের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

ভোলার বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী ও মৎস্যজীবী সংগঠনের নেতা-কর্মীসহ শতশত নারী পুরুষের অংশগ্রহণকৃত রেলি শেষে রঙ্গিল বেলুন সম্বলিত ফেস্টুন আকাশে উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।

আয়োজনের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় মূল পর্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আজাদ জাহান বলেন, “ভোলার মৎস্য সম্পদ রক্ষা করার জন্য যেমন জেলেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তেমনি মৎস্য আহরন বন্ধ থাকা কালিন সরকারও জেলেদেরকে প্রয়োজনীয় সকল সহযোগিতা দিতে হবে”।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,কোস্টগার্ড কর্মকর্তা লেপ্টেঃ রিফাত আহমেদ,সদর থানার ওসি আবু হাচনাইন মোঃ পারভেজ।

রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোতাসিন বিল্লাহ,জেলা জামায়েতের আমির মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ মোঃ তরিকুল ইসলাম ও এনসিপির নেতাসহ বিশেষ ব্যক্তিবর্গ।

এ সময় নিজেদের অধিকার ও দাবীগুলো তুলে ধরেন জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলার আহবায়ক মোঃ শাহে আলম তালুকদার,ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ এরশাদ ও সফল মৎস্য চাষী মোঃ সোহাগ।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন সফল মৎস্য চাষীর মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিগণ।

বর্ণাঢ্য আয়োজনের ৪র্থ পর্বে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জেলা মৎস্য অফিসার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ।

এ সময় জেলা মৎস্য কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম শুভ সহ মৎস্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন