ভোলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

স্টাফ রিপোর্টার
ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)১৪৪৭ হিজরী।
শনিবার(৬ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবন শীর্ষক আলোচনা সভা,দোয়া মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,”মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। তিনি বিশ্ব শান্তির অগ্রদূত তার আদর্শের মাঝেই রয়েছে আমাদের দেশ ও জাতির কল্যান। তাই আমাদের সকলকে বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। তিনি বলেন, আমাদের নবী-ই শেষ নবী। তার পর আর কোন নবী মানা যাবেনা”।
সকাল ১১ টায় শুরু হওয়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিডি মাকসুদুর রহমান বলেন,”বিশ্ব মানব যখন সত্য আদর্শ ভুলে পাপে হাবুডুবু খাচ্ছিল এবং জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেয়া হতো ঠিক সেই সময় আল্লাহ তায়ালা এ জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়ে এবং পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তাঁর প্রিয় রাসূল আমাদের প্রিয় মহানবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) কে দুনিয়াতে প্রেরণ করেন। তাঁর আগমনের মধ্যে দিয়েই পৃথিবীতে শান্তির বাতাস প্রবাহিত হতে শুরু হয়। এজন্য আমাদের সকলকে রাসূল (সা:) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সত্য এবং সততার সাথে কাজ করে যেতে হবে। আমাদের সন্তানদেরকেও নৈতিকভাবে ইসলামিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে”।

পবিত্র এই দিনটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট আলোচক ও ইসলামিক চিন্তাবিদ মুফতি রিয়াজ উদ্দিন কাশেমীসহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,অভিভাবকবৃন্দ,ভোলা জেলার বিভিন্ন ইমাম ও খতিববৃন্দ এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতকার্য শিক্ষার্থীবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশন ভোলা এবং জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং শেষ পর্বে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া।
