শিরোনাম

ভোলায় শুরু হল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

 

এ.সি.ডি.অর্জুন

“শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫।

সোমবার(৬অক্টোবর)দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেল্লাল হোসেন।

বাংলাদেশ শিশু একাডেমি,ভোলা জেলা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী ভাষনে এডিসি বেলাল বলেন, “আজকের শিশুরাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালক হবে। তাই তাদেরকে সঠিক ভাবে মানুষ করার জন্য পরিবার তথা সমাজের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। শিশুদেরকে তাদের অধিকার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে”।

শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মোঃ মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন এবং নিজেদের প্রাপ্য অধিবার গুলো সকলের সামনে উপস্থাপন করেন দুজন শিশু।

বক্তারা সকলেই শিশু অধিকার বিষয়ে সকলকে সচেতন হওয়ার বিষয়ে একমত পোষন করেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনীর শেষ পর্বে শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক আঁখি দে ও বাদ্যযন্ত্রী পরিচালক ভাস্কর মজুমদার এর যৌথ পরিচালনায় একটি যৌথ সংগীত পরিবেশন করেন শিশু একাডেমির শিশুরা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম সহ আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সপ্তাহ ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হবে শিশু অধিকার সপ্তাহ।

ফেসবুকে লাইক দিন