শিরোনাম

ভোলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“সাদাছড়ির আধুনিকায়ন,দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫।

বুধবার(১৫ অক্টোবর)দিবসটি উপলক্ষে সকালে বের হয় একটি বর্ণাঢ্য রেলী। ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিছু পথ প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি,শিক্ষার্থী,এনজিও প্রতিনিধি ও সরকারি-বেসরকারি ব্যক্তিবর্গের অংশগ্রহণকৃত রেলী পরবর্তি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডিডিএলজি মিজানুর রহমান।

জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজেবির জেলা সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন,দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার ডাঃ সাইদুর রহমান ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম কবির।

জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সকলেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সর্বক্ষেত্রে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে ১টি করে স্মার্ট ক্যান ডিভাইস বা অত্যাধুনিক সাদাছড়ি বিতণ করেন প্রধান অতিথি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার সেলিনা আক্তারসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

ফেসবুকে লাইক দিন