শিরোনাম

ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল আন্তার্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫।

মঙ্গলবার(৯ডিসেম্বর’২৫)দিবসটি উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

মহিলা বিষয়ক অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “আমার মা আমার পৃথিবী। কেননা মা ছাড়া আমি কিছু ভাবতেই পারিনা। আমি মনে করি প্রতিটি নারীর মধ্যে রয়েছে এমন মহিয়সী গুণ যা একটি জাতিকে শিক্ষিত করে তোলার জন্য যথেষ্ট। আর সেটাই প্রমান করে দেখিয়েছেন মহিয়সী নারী বেগম রোকেয়া। তাই সকল নারীকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বেগম রোকেয়া হলেন শ্রেষ্ট অনুকরনীয় ব্যক্তিত্ব”।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে নিজের জীবন সংগ্রামে সফলতার কিছু অংশ তুলে ধরেন ভোলা জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত, লালমোহন উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব সাবিনা ইয়াছমিন।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ খালেদা খানম,জাতীয় মহিলা সংস্থার ভোলা জেলা অফিসার শাহ এমরান,যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী এবং সংগ্রামী নারী ফারজানা আফরোজ,কহিনুর বেগম ও নিগারুন নাহারসহ বেশ কয়েকজন সফল নারী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইব্রাহিম হোসেন, এনডিসি তাজবিহুল ইসলাম ইসকেম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম,জেলা তথ্য অফিসার মোঃ নুরুননবী,সদর থানার নবাগত ওসি মোঃ মনিরুল ইসলাম এবং সফল নারীদের মধ্যে ব্র্যাকের প্রজেক্ট অফিসার রেখা ইসলাম,কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমসহ সরকারি বেসরকারি সংস্থার আমন্ত্রিত অতিথি বৃন্দ।

আয়োজনের শেষ পর্বে উপসচিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জন অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

ফেসবুকে লাইক দিন