ভোলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“প্রযুক্তি ও মমতায়,কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।
প্রতিবছরের দ্বিতীয় দিন জাতীয় এই দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সারাদেশে এক যোগে উদযাপন করা হলেও এবছর ঐদিন সরকারি বিশেষ ছুটি থাকার কারনে শনিবার(৩ জানুয়ারি) দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আত্ন-অনুসন্ধানমূলক এক আলোচনা সভা।
ভোলা জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন।
ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতাথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (সাধারন শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক মোঃ শওকাত হোসেন ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
বিকাল সারে ৩ টায় অনুষ্ঠিত সভার শেষ ভাগে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৪৮ জন উপকারভোগীর মাঝে ক্ষুদ্রঋণ বাবদ ২২ লক্ষ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি,বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি,আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্যায়ের উপকারভোগী বৃন্দ উপস্খিত ছিলেন।
উল্লেখ্য দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিবার(বালিকা) ও ফাতেমা খানম সরকারি শিশু পরিবার(বালক) নিবাসীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।

