ভোলায় ডুবোচরে আটকেপরা যাত্রী বোঝাই লঞ্চকে উদ্ধার করে কোস্টগার্ড

এ.সি.ডি.অর্জুন
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, রবিবার(১৯ জানুয়ারি’২৫) রাত ১১ টায় ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমভি আল ওয়ালী-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ।
২৮৫ জন যাত্রী বোঝাই লঞ্চটি কিছুক্ষণ চলার পর একটি ডুবো চরে আটকে যায়। লঞ্চের মাস্টার তাৎখনিক কোস্টগার্ডের শরনাপন্ন হলে কোস্টগার্ড বিসিজি ভোলা থেকে ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষনের পর এমভি পূবালী-৫ নামক অন্য একটি লঞ্চকে আটকে পরা লঞ্চের পাশে এনে সাইড টোইং এর মাধ্যমে আল ওয়ালী লঞ্চটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে লঞ্চটি পূনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
