ভোলায় নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করলো কোস্টগার্ড

এ.সি.ডি.অর্জুন
ভোলায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘন্টা পর তেতুলিয়া নদী থেকে আখী মনি(৬)নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করলো কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এর বরাত দিয়ে কোস্ট গার্ড ভোলা জেলা কার্যালয় থেকে বুধবার(১১জুন’২৫)সকালে জানানো হয় যে,
সোমবার(৯জুন’২৫)সকাল ৮টায় ভোলা সদর উপজেলাধীন ভেলুমিয়া ইউনিয়নের বানগাটা এলাকার তেতুলিয়া নদীর তীরে খেলার সময় ৬ বছর বয়সী একটি কন্যা শিশু হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় জনগণ বিষয়টি কোস্ট গার্ড বেইস ভোলাকে অবহিত করার পর অতিদ্রুত কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং “সার্চ এন্ড রেসকিউ” অভিযান শুরু করে।
প্রথম দিনের অভিযানে শিশুটির কোন খোঁজ পাওয়া না গেলেও অভিযানের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার(১০জুন)সকাল ৭টায় পুনরায় নদীতে তল্লাশী কার্যক্রম শুরু করে কোস্টগার্ডের ডুবুরী দল।
দীর্ঘ অনুসন্ধানের পর বিকাল সাড়ে ৫ টায় বানগাটা এলাকার তেতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরী দল।
মৃত শিশু ভোলা সদর উপজেলাধীন চর চন্দ্রপ্রসাদ এলাকার বাসিন্দা বিল্লাল মালের মেয়ে বলে নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
