শিরোনাম

ভোলায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হল গণপ্রকৌশল দিবস-২০২৫ এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার(৮ নভেম্বর’২৫)দিবসটি উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)’র ভোলা সদরস্থ ভোকেশনাল রোডে অবস্থিত জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

বাংলাদেশে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায় ও কল্যানের লক্ষে ৫৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আইডিইবি’র ভোলা জেলা কমিটির সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দে। তিনি তার বক্তব্যে আইডিইবির সকল সদস্য প্রকৌশলীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম আরো বেগবান করার আহ্বান করেন।

আইডিইবি’র সাধারন সম্পাদক মোঃ মনিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলার বিভিন্ন উপজেলার সদস্য প্রকৌশলীগণ। বক্তারা সকলেই আইডিইবিকে আরো শক্তিশালি সংগঠনে পরিনত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনটির ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত আইডিইবির প্রায় শতাধিক সদস্য প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন