ভোলায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ডিসি আজাদ জাহান

এ.সি.ডি.অর্জুন
প্রতি বছরের মতো এবারও ইংরেজি বছরের প্রথম দিনেই সরকার সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন বই তুলে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বুধবার(১জানুয়ারী’২৫) ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নতুন ক্লাসে ওঠে বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেলে।
এই নতুন বইয়ের ঘ্রান তোমাদের লেখাপড়ায় প্রেরনা যোগাবে। কিন্তু যদি বাসায় বসে মোবাইল টিপে সময় নষ্ট কর তাহলে জীবনে কিছুই করতে পারবেনা। বরং যে যত বেশি পড়াশুনা করবে সে তত বড় হতে পারেবে। আর তোমরা কেউ বাল্য বিবাহ করবেনা। তোমাদের পিতা-মাতা যদি তোমাদেরকে বাল্য বিবাহ দিতে চায় তোমরা প্রতিবাদ করবে এবং প্রশাসনের সহযোগিতা নিবে”। স্কুলটির সভাপতি ডিসি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি বাসায় মোবাইলে ব্যস্ত থাকেন তাহলে আপনাদের সন্তানরাও সেটাই করবে। তাই সন্তানরা কোথায় যায়, কি করে, কাদের সাথে মিশে এটা সবসময় খেয়াল রাখবেন”।
বই দেয়ার পূর্বে জেলা প্রশাসক আজাদ জাহান বিভিন্ন ক্লাশের মেয়েদেরকে ইংরেজি গ্রামার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং উত্তর শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালে উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) রিফাত ফেরদৌস, সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, এসিল্যান্ড মোঃ আহসান হাফিজ, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও স্কুলটির বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ এবং অভিভাবক বৃন্দ। উল্লেখ্য ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ১৮ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার।
