ভোলায় ১৯ মেধাবী শিক্ষার্থী পেলো বিশেষ পুরস্কার

এ.সি.ডি.অর্জুন#নিরপেক্ষঃ
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম(এসইডিপি)প্রকল্পের আওতায় ভোলায় ১৯ মেধাবী শিক্ষার্থী পেলো বিশেষ পুরস্কার।
ভোলা জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ রিফাত ফেরদৌস।
সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,”আপনারা যদি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো করে ভাবতে না পারেন তাহলে সঠিক শিক্ষাটা দিতে পারবেন না”।
তিনি আক্ষেপ করে বলেন,”ভোলা সদর উপজেলায় সরকার ঘোষিত ৪০ টি মেধা পুরস্কারের মধ্যে মেধাবী পেলাম মাত্র ১৯ জন। এই যদি হয় শিক্ষার মান তাহলে এত আনুষ্ঠানিকতা করে কি লাভ? তাই শিক্ষকরা যেমন পাঠ দানে আরো আন্তরিক হতে হবে তেমনি শিক্ষার্থীরাও পাঠ গ্রহণে অধিক মনযোগি হতে হবে”।
টবগি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত আশ্চার্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান,জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিঠু,অধ্যক্ষ নজরুল ইসলাম এবং নিজেদের অনুভূতি ব্যক্ত করেন দুজন মেধাবী শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষভাগে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের শিক্ষা ও গবেষনা কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য ভোলা জেলার প্রতিটি উপজেলায় এসএসসি ও এইচএসসিতে মেধার স্বাক্ষরকারী শিক্ষার্থীদের মাঝে অনুরুপ পুরস্কার প্রদান করছে জেলা শিক্ষা অফিস।

