“ভোলার মহিষের দুধের কাঁচা দই”এর জিআই সনদ গ্রহণ করলেন ডিসি আজাদ জাহান

এ.সি.ডি.অর্জুন
এবার আনুষ্ঠানিকভাবে “ভোলার মহিষের দুধের কাঁচা দই”কে জিআই পণ্যের চুড়ান্ত সনদ দিলেন সরকার।
বুধবার(৩০ এপ্রিল)বিশ্ব মেধা সম্পদ দিবস-২০২৫ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় নিবন্ধনকৃত ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ প্রদান অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট,শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রথমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
শিল্প মন্ত্রনালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জিআই পণ্য হিসেবে ভোলার মহিষের দুধের কাঁচা দই এর ভূয়ষী প্রশংসামূলক গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান করেন শিল্প মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীসহ সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত সভা শেষে ভোলার দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী মহিষের দুধ দিয়ে তৈরি কাঁচা দই এর জিআই সনদ ভোলাবাসীর প্রততিনিধি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান এর হাতে তুলে দেন উপদেষ্টাগণ।
পেটেন্ট,শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মুনিম হাসান স্বাক্ষরিত জিআই পণ্যের সনদটি ভোলার জনগনের পক্ষে গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন ভোলার জনপ্রিয় ডিসি আজাদ জাহান।
উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ২০২৩ এ ভোলার মহিষের দুধের কাঁচা দই ভৌগোলিক নির্দেশক ২২শ্রেনীতে ৫৫ নম্বর জিআই পণ্য হিসেবে তালিকাভুক্তির পর ২৪ সেপ্টেম্বর ২০২৪ এ সরকার আনুষ্ঠানিক ভাবে ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে ঘোষনা করেন।

