শিরোনাম

ভোলায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার

“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে ভোলার তরুণ বা যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫।

মঙ্গলবার(১৪ জানুয়ারি’২৫) বিকাল ৩ টায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে ভোলা কলেজের শারীরিক শিক্ষা বিভাগ এবং পরিবেশ ও ভূগোল বিভাগ প্রতিদ্বন্দিতা করলেও ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয় শারীরিক শিক্ষা বিভাগের টিম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ। খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে এক সক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি এডিএম মোবাশ্বের বলেন, ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ কিংবা ‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ যেকথাই বলিনা কেন মূল কথা একটাই মাদককে না বলুন। অর্থাৎ মাদক থেকে দূরে থাকতে পারলেই আমাদের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় অবদান রাখতে পারবে। তাই যুব সমাজকে নিয়ে আরো বেশি করে এরূপ খেলাধুলার আয়োজন করতে হবে”।

ভোলা সরকারি স্কুল মাঠে তালহা তালুকদার বাঁধন এর ধারাভাষ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান, ভোলা কলেজের শারীরিক শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মনির হাসান ও জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল হক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

Sobha Kismatpur