শিরোনাম

ভোলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকে ভোলা সদর ও বালিকায় লালমোহন দল জেলা চ্যাম্পিয়ন

 

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন এর অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছিলো প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকাদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সোমবার(২৭ জানুয়ারি’২৫) ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরফ্যাশন উপজেলার বালক দলকে ১-০ গোলের ব্যাবধানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভোলা সদর উপজেলা বালক দল এবং চরফ্যাশন উপজেলার বালিকা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লালমোহন উপজেলার বালিকা দল।

ভোলা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। ভোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণীর পূর্বে খেলোয়ারদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিশুদের মন ও শরীরের সুস্থতার জন্য খেলাধুলার উপর গুরত্বারোপ করেন।

তারা বলেন, “আজকের শিশুরাই আগামীতে দেশ গঠনের দায়ীত্ব নিবে। তাই শিশুদের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যেমন নিজেদেরকে সুস্থ সবল রাখতে হবে তেমনি ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে সুউচ্চ মর্যাদার আসনেও বসাতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকেও দুরে রাখতে পারবে”।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান,শরীর চর্চা বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান, পিটিআই সুপার জহরলাল বসাক, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা অফিসার এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রধান শিক্ষক গৌতম গোলদার ও সহকারী শিক্ষক চন্দ্র শেখর চক্রবর্তী এর যৌথ উপস্থাপনায় জেলা পর্যায়ে ২ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের এই শিশু শিক্ষার্থীদের ১৪ টি দলের মধ্যেকার খেলায় চ্যাম্পিয়ন দল দুটি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। উল্লেখ্য দুদিন ব্যাপী চলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে ২৬ জানুয়ারি’২৫ উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এবং সাথে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।

ফেসবুকে লাইক দিন