ভোলায় শুরু হলো আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

এ.সি.ডি.অর্জুন
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন এর অংশ হিসেবে ভোলায় শুরু হলো কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
মঙ্গলবার(২৮ জানুয়ারি’২৫) ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। ভোলা জেলা প্রশাসান ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনীতে প্রধান অতিথি এডিএম মোবাশ্বের বলেন, “আজকের তরুনরাই আগামীতে দেশ গঠনের দায়ীত্ব নিবে।

তাই তরুণরা খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যেমন নিজেদেরকে সুস্থ সবল রাখতে হবে তেমনি ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে সুউচ্চ মর্যাদার আসনেও বসাতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকেও দুরে রাখতে পারবে”।
জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। জেলা ক্রীড়া অফিস এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ভোলা কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও শরীর চর্চা বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুনতাসির আলম রবিন চৌধুরী ও ফুটবল খেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভোলার সেরা উপস্থাপক তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে টুর্নামেন্টের শুভ সুচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এ সময় প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী দলগুলোর সাথে ফটোসেশন করার পর ভোলা সরকারি কলেজ দল ও বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ দলের মধ্যকার প্রথম ম্যাচের কিছু অংশ খেলা উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য ৪ দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে শেষ হওয়া জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দুটি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
