ভোলায় আন্তঃ কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন ভোলা সরকারি কলেজ

এ.সি.ডি.অর্জুন
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন এর অংশ হিসেবে ভোলায় শেষ হলো কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
শনিবার(১ফেব্রুয়ারি’২৫) ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম।
ভোলা জেলা প্রশাসান ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি এডিএম মোবাশ্বের আলম সকল খেলোয়ারদের উদ্দ্যেশ্যে বলেন, ” আজকের তরুনরাই আগামীতে দেশ গঠনের দায়ীত্ব নিবে। তাই তোমরা খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যেমন নিজেদেরকে সুস্থ সবল রাখতে পারবে তেমনি ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে সুউচ্চ মর্যাদার আসনেও বসাতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকেও দুরে রাখতে পারবে”।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন ও লালমোহন শাহাবাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মোল্লা।
ভোলার জনপ্রিয় উপস্থাপক তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা কলেজের শরীর চর্চা বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান, ভেলুমিয়া কলেজের অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার কয়েকজন সদস্য ও ফুটবল খেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ৪ দিন ব্যাপী চলা এই ফুটবল টুর্নামেন্টে লালমোহন শাহাবাজপুর সরকারি কলেজ দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভোলা সরকারি কলেজ দল।
চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার চেকসহ চ্যাম্পিয়ন ট্রপি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকার চেকসহ ট্রপি পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। উল্লেখ্য ৪ দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে শেষ হওয়া জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি বরিশালে অনুষ্ঠিতব্য বিভাগীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
