ভোলা’র লালমোহনে ৩৭০ জন দুঃস্থ মানুষ পেলো কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

এ.সি.ডি অর্জুন
ভোলা জেলার লালমোহন উপজেলার সুবিধা বঞ্চিত মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে কোস্ট গার্ডের একটি মেডিক্যাল টিম।
লালমোহন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইন সম্পর্কে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায় যে,বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধা বঞ্চিত,দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় বুধবার(১২ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা জেলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৩৭০ জন অসহায়,গরীব, দুঃস্থ নারী,পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে নেত্রিত্ব প্রদান করেন কোস্টগার্ডের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মতিউর রহমান,(এমপিএইচ,এএমসি)।
এ সময় নিপা ভাইরাস প্রতিরোধ,অবৈধ মৎস্য আহরন,মাদক ও মানব পাচার রোধ,অবৈধ জালের ব্যবহার,বনজ সম্পদ রক্ষা,নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।
উক্ত জনসচেতনতা মূলক কাজে স্থানীয় প্রশাসন এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

